বিজ্ঞাপন
আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: শফিকুর রহমান

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে এখন শুধু জামায়াতে ইসলামীর নেতা নয়, বরং সারা দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের প্রতিনিধি হিসেবে অভিহিত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মেজর আখতারুজ্জামানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, তাকে অপমান করার উদ্দেশ্যে মাথায় হেলমেট পরানো হয়েছে এবং বুকে জ্যাকেট বেঁধে দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, বিমানবন্দরে অনিয়ম ও হয়রানির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে দ্রুত মামলা করা হয়েছে। প্রবাসীদের অধিকার এবং বিমানবন্দরে যাত্রীদের ব্যাগ কেটে মূল্যবান সামগ্রী চুরির ঘটনার বিরুদ্ধেও তিনি কথা বলেছেন।
মামলায় মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার ভাষায়, ‘এটা ১০০ ভাগ নয়, এক হাজার ভাগ মিথ্যা। তিনি কারও গায়ে হাত তোলেননি।’
তিনি আরও বলেন, বিমানবন্দর সিসি ক্যামেরার আওতাভুক্ত হওয়া সত্ত্বেও আদালতে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মারধরের অভিযোগের কোনো ভিডিও উপস্থাপন করা হয়নি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘মেজর আখতার এখন আর শুধু জামায়াতে ইসলামের লোক ও নেতা নন। এখন তিনি সারা বাংলাদেশের ভুক্তভোগী ও নির্যাতিত সমস্ত মানুষের নেতা হয়ে উঠেছেন।’
জামায়াত আমির জানান, মামলা হওয়ার পর মেজর আখতারুজ্জামানের সঙ্গে তার কথা হয়েছিল। আগাম জামিন নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অন্যায় করেননি দাবি করে আত্মসমর্পণ না করার কথা জানান। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করার ইচ্ছাও প্রকাশ করেন।
সরকারকে সতর্ক করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে বোকা কিংবা অন্ধ ভাবার কোনো সুযোগ নেই। জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে এবং কোনো ঘটনা আড়াল করে রাখা সম্ভব নয়।
তিনি বলেন, ‘আপনাদের যদি একজনের দুইটা করে চোখ থাকে জনগণেরও সূর্যের মতো দুইটা করে চোখ আছে। পরিষ্কার করে সবকিছু দেখে আড়াল করতে পারবেন না। এখন আড়াল করার যুগ নয়।’







