বিজ্ঞাপন
তথ্য প্রতিমন্ত্রীকে নিয়ে সমালোচনার ঝড়, নেপথ্যে কী?

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কিশোরগঞ্জের হোসেনপুরে একটি অনুষ্ঠানে নেতাকর্মীদের স্লোগান বন্ধ করতে ধমক দেওয়ায়, রাজনৈতিক মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
সম্প্রতি, হোসেনপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। অনুষ্ঠান চলাকালে নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে প্রতিমন্ত্রী তাঁদের স্লোগান বন্ধ করতে বলেন। কিন্তু তাঁর নির্দেশনা উপেক্ষা করে কয়েকজন নেতাকর্মী স্লোগান অব্যাহত রাখেন।
এ সময় প্রতিমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘এটা কোনো দলীয় প্রোগ্রাম নয়, এটা সাংবাদিকদের অনুষ্ঠান। এখানে কোনো ধরনের স্লোগান দেওয়া যাবে না।’ প্রতিমন্ত্রীর বক্তব্যের পরও স্লোগান অব্যাহত থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ও সমালোচনা শুরু হয়।
ঘটনার পর প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট নেতাকর্মীদের ডেকে নিয়ে তাঁদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় তিনি ভবিষ্যতে রাজনৈতিক সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রেখে চলার জন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, সাংবাদিকদের অনুষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রতিমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন, সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে একটি মহল ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।
জানা যায়, স্লোগান দেওয়া উক্ত নেতাকর্মীরা কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল্লাহ কায়সার শহীদের অনুসারী।
ঘটনার প্রেক্ষাপটে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল্লাহ কায়সার শহীদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রীকে কিশোরগঞ্জের দায়িত্ব দিয়েছেন এবং তিনি অবশ্যই আমাদের অভিভাবক। সাংবাদিকদের জন্য আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে নেতাকর্মীদের গিয়ে স্লোগান দেওয়া কোনোভাবেই কাম্য ছিল না।”
স্থানীয় নেতাকর্মীদের মতে, প্রতিমন্ত্রীর বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের অনুষ্ঠানের মর্যাদা ও শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু সেটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে তুলে ধরা হচ্ছে।







