মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে রক্ষা পেলেন ৩৭ যাত্রী। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। তবে ফেরিতে তোলার আগে নিয়ম অনুযায়ী যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস এ দুর্ঘটনার শিকার হয়।
বাসের যাত্রী আব্দুস সালাম বলেন, সকাল ৭টার দিকে তিনি পরিবারসহ কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে বাসে ওঠেন। দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। আমরা নামার ২০ সেকেন্ডের মধ্যেই চোখের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। ২০ সেকেন্ড দেরি হলে হয়তো ৩৭ জন যাত্রীই প্রাণ হারাতাম। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গেছি।
ঘাট-সংশ্লিষ্ট সূত্র জানায়, করবী অক্সফাম নামের একটি ছোট ফেরিতে বাসটি তোলার সময় সব যাত্রীকে আগে নামিয়ে দেওয়া হয়েছিল। যাত্রীবিহীন অবস্থায় বাসটি ফেরিতে ওঠার পর হঠাৎ সামনের দিকে চলে গিয়ে ফেরির ডালা বা র্যাম্পে আঘাত করে। এতে ডালার তার ছিঁড়ে বাসটি নদীতে পড়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ঘাট এলাকায় দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শুভ সেন বলেন, নৌ-পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা আগে যাত্রীদের নামিয়ে দেন। পরে বাসটি ফেরিতে ওঠানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় বাসের হেলপার সাকিব হোসেন দ্রুত লাফিয়ে পন্টুনে উঠতে সক্ষম হন। এতে তিনি আহত হন। অপরদিকে চালক ঝন্টু আলী বাসসহ নদীতে পড়ে গেলেও জানালা দিয়ে বের হয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে দুজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাসটির সুপারভাইজার আজমল হোসেন জানান, বাসে ৪০ জনের টিকিট বিক্রি হলেও যাত্রী ছিলেন ৩৭ জন। নিয়ম মেনে সবাইকে নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক বলেন, ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার বিধান যথাযথভাবে অনুসরণ করায় এবার প্রাণহানি এড়ানো গেছে।
পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তায় প্রায় দুই ঘণ্টার অভিযানে নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, উদ্ধারকৃত বাসের ভেতরে কোনো যাত্রী বা অন্য কাউকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে ডুবে ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার আড়াই মাসের মাথায় আবারও একই ধরনের দুর্ঘটনা ঘটলেও এবার প্রাণহানি ছাড়াই সবাই রক্ষা পেয়েছেন।
দেশইনসাইডার/আরআরপি
