জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম গণভোটের প্রশ্নে বিএনপির অবস্থানের সমালোচনা করে দলটিকে জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেছেন।
শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এনসিপির ‘ঈদ পুনর্মিলনী ও যোগদান’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ডে জনগণ নানা ধরনের প্রতারণার নজির দেখেছে। তার দাবি, কোনো নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে এত বিতর্কিত সিদ্ধান্ত নিতে পারে—এমনটি দেশের মানুষ আগে কল্পনাও করেনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে এখন গণভোটের বিষয়টি অস্বীকার করছেন। তার মতে, এ ধরনের অবস্থান জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক এবং ভোটাররা তা সহজভাবে নেবে না।
