নেত্রকোনার মদনে দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) নেত্রকোনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মদন পৌরসদরের সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য ফরিদুল ইসলাম ও আতাউর রহমান মদন থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী বাসের যাত্রীদের হয়রানির অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় যাত্রীরা বিভিন্ন সমস্যার কথা প্রশাসনকে জানান।
একপর্যায়ে সেখানে উপস্থিত হন ছাত্রদল নেতা সৈয়দ মিঠু মিয়া। পুলিশ তাকে ঘটনাস্থল থেকে কিছুটা সরে দাঁড়াতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিঠু মিয়াকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত মিঠু মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
