গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজন হলে সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলনের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষিত হলে জনগণ নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে।
রোববার (১৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক তিন দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি প্রথমে সংসদে উত্থাপন করা হবে। সেখানে সমাধান না এলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। জনগণের দেওয়া রায়ের সঙ্গে কোনো আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় যাওয়ার আগে স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম-সংক্রান্ত কমিশন এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে আগের কাঠামোই বহাল রাখার চেষ্টা চলছে। তাঁর দাবি, এ কারণেই সরকার গণভোটের রায় বাস্তবায়নে অনাগ্রহী।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়েছে। তাই জুলাইয়ে নিহতদের শুধু আর্থিক সহায়তা নয়, রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা এবং তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।
