ভারতের পশ্চিমবঙ্গে ঈদুল আজহা উপলক্ষে আগে ঘোষিত দুই দিনের সরকারি ছুটি কমিয়ে একদিনে নামিয়ে এনেছে নতুন বিজেপি সরকার। শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ২৮ মে একদিনই ছুটি থাকবে।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় বছরের শুরুতে প্রকাশিত ছুটির তালিকায় ২৬ ও ২৭ মে—দুই দিন ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পর নতুন প্রশাসন সেই সিদ্ধান্ত সংশোধন করেছে।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রশাসনিক সংস্কারে জোর দিচ্ছেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি সরকারি দপ্তরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং কর্মসংস্কৃতি উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সরকারি অফিসে উপস্থিতির সময় নির্ধারণসহ অপ্রয়োজনীয় ছুটি কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রেক্ষাপটে ঈদের ছুটি একদিনে নামিয়ে আনার সিদ্ধান্তকে প্রশাসনিক শৃঙ্খলার অংশ হিসেবেই দেখা হচ্ছে।
নতুন নির্দেশনায় অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পরিবর্তন আনা হয়েছে।
এদিকে এ সিদ্ধান্তের পর সরকারি কর্মীদের একটি অংশের মধ্যে আলোচনা শুরু হয়েছে—ভবিষ্যতে দুর্গাপূজার মতো দীর্ঘ ছুটিতেও কোনো পরিবর্তন আসতে পারে কি না।
দেশইনসাইডার/আইএমআর
