মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বিএনপির ১৮ জন নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে দুর্বৃত্তরা চিরকুট ও দুটি হাতবোমা রেখে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতের কোনো এক সময় গ্রামের মধ্যপাড়া এলাকায় বাবলুর বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে লাল টেপে মোড়ানো দুটি হাতবোমা ও দুটি চিরকুট রেখে যায় তারা।
খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ও তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে বোমা ও চিরকুট উদ্ধার করেন। পরে নিরাপত্তার জন্য বোমাগুলো পানি ভর্তি বালতিতে রাখা হয়।
চিরকুটে অশালীন ভাষায় বিএনপি নেতাকর্মীদের হুমকি দেওয়া হয় এবং ১৮ জনের নাম উল্লেখ করে তাদের হত্যার কথা বলা হয়। এতে আরও দাবি করা হয়, তারা প্রভাব খাটিয়ে পুলিশকে নিজেদের পক্ষে কাজ করায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি থানার ওসি উত্তম কুমার দাস।
দেশইনসাইডার/আইএমআর
