ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক আগ্রাসন চালানো হলে যুক্তরাষ্ট্রকে কঠিন ও নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শাকারচি।
মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অতীতে ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধে যুক্তরাষ্ট্র যে অপমান ও ব্যর্থতার সম্মুখীন হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে যদি আবারও কোনো ‘বোকামি’ করা হয়, তাহলে তার জবাব হবে আরও কঠোর ও ধ্বংসাত্মক।
শাকারচি দাবি করেন, ইরান ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে যেকোনো নতুন আগ্রাসন বাস্তবায়িত হলে মার্কিন সামরিক বাহিনী ও তাদের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো অপ্রত্যাশিত ও ব্যাপক আক্রমণের মুখে পড়বে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এমন এক সংকটের মধ্যে নিমজ্জিত হবে, যা তাদের নিজেদের নীতির ফলাফল। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ‘ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসিক’ নীতিকেই তিনি এই পরিস্থিতির জন্য দায়ী করেন।
ইরানের এই সামরিক মুখপাত্রের বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
