দেশের কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, র্তমান সরকার শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে।
বুধবার (২০ মে) গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেকেই জনপ্রিয়তার জন্য নানা মন্তব্য করতে পারেন, তবে সরকার বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। পদ্মা ব্যারাজের পাশাপাশি তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ফলে কৃষকরা প্রয়োজনীয় পানি পাচ্ছেন না। এ পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে পরিকল্পিত অবকাঠামো নির্মাণ, পরিবেশ রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনবল তৈরির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।
দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এখানে প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে দুর্যোগ মোকাবিলায় দক্ষ করে তোলা হবে। একই সঙ্গে প্রকৃতি ও সম্পদ রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সীমিত সম্পদ সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
