ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেছে। তেহরান বলছে, যুদ্ধবিরতি ও আলোচনার জন্য ওয়াশিংটনের শর্তগুলো বাস্তবসম্মত নয় এবং তা সম্পূর্ণ অযৌক্তিক।
রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করার পর সোমবার (১১ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কঠোর অবস্থান জানায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাল্টা প্রস্তাবকে “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোই সংঘাত ও অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে কাজ করছে।
তিনি আরও দাবি করেন, যুদ্ধ বন্ধের জন্য ইরানের পক্ষ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে—যেমন নৌ-অবরোধ প্রত্যাহার, জলদস্যুতা বন্ধ এবং জব্দকৃত অর্থ ও সম্পদ ফেরত দেওয়া—সেগুলো ন্যায্য ও যৌক্তিক।
অন্যদিকে ইরানের অবস্থান অনুযায়ী, যেকোনো ধরনের চুক্তির আগে যুক্তরাষ্ট্রকে অবরোধ তুলে নিতে হবে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরানকে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দিতে হবে।
দুই দেশের এমন বিপরীতমুখী অবস্থানের কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
