বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম দাবি করেছেন, গত ১৬ বছরে রাজনৈতিক অঙ্গনে জামায়াতের মতো ত্যাগ স্বীকার আর কোনো দল করেনি।
সোমবার (১১ মে) চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে শহীদ ৮ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের ১১ জন নেতাকে জেলখানায় ফাঁসি ও কারাগারে আটক রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “চ্যালেঞ্জ দিয়ে বলছি, গত ১৬ বছরে আর কোনো দল জামায়াতের মতো ত্যাগ স্বীকার করেনি।”
তিনি আরও উল্লেখ করেন, ১৯৮৫ সালের ১১ মে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে পুলিশের গুলিতে আটজন নিহত হন। এই ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো এর বিচার হয়নি বলে দাবি করেন তিনি।
এ সময় তিনি ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও আহ্বান জানান।
