প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে প্রাকৃতিক উপায়ে সহায়তা করতে পারে লাল পেঁয়াজ। পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অন্যান্য পেঁয়াজের তুলনায় লাল পেঁয়াজে এমন কিছু উপাদান রয়েছে, যা গরমজনিত ক্লান্তি ও পানিশূন্যতা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, লাল পেঁয়াজে উচ্চমাত্রার পানি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড ও বিভিন্ন খনিজ উপাদান থাকে। এসব উপাদান শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এবং অতিরিক্ত ঘামের কারণে হারিয়ে যাওয়া লবণ ও তরলের ঘাটতি কিছুটা পূরণ করতে পারে।
চিকিৎসকরা জানান, গরমের সময় অনেকের মাথাব্যথা, দুর্বলতা, মাথা ঘোরা বা বমিভাবের মতো সমস্যা দেখা দেয়। এ অবস্থায় লাল পেঁয়াজের প্রাকৃতিক শীতলকারী বৈশিষ্ট্য কিছুটা আরাম দিতে পারে।
এ ছাড়া হজমশক্তি উন্নত করতেও লাল পেঁয়াজ সহায়ক বলে জানিয়েছেন পুষ্টিবিদরা। গ্রীষ্মকালে সালাদের সঙ্গে কাঁচা লাল পেঁয়াজ খেলে পেট ফাঁপা কমতে পারে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সহায়তা করতে পারে।
সম্প্রতি প্রকাশিত একটি গবেষণার বরাত দিয়ে বিশেষজ্ঞরা বলেন, লাল পেঁয়াজে থাকা কিছু প্রাকৃতিক উপাদান রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত গরমের প্রভাবে শরীরে তৈরি হওয়া চাপ কমাতে ভূমিকা রাখতে পারে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, লাল পেঁয়াজকে হিটস্ট্রোকের চিকিৎসা হিসেবে বিবেচনা করা উচিত নয়। এটি কেবল গরমে শরীরকে সহনশীল রাখতে সহায়ক খাদ্য হিসেবে কাজ করতে পারে।
তাদের পরামর্শ অনুযায়ী, গরমের দিনে সালাদ, রায়তা, দই বা ঘরে তৈরি বিভিন্ন সসের সঙ্গে লাল পেঁয়াজ খাওয়া যেতে পারে। তবে যাদের অ্যাসিডিটি বা পাকস্থলীর সংবেদনশীলতার সমস্যা রয়েছে, তাদের পরিমিত পরিমাণে লাল পেঁয়াজ খাওয়াই ভালো।
