পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিকিট বিক্রি শুরুর পর থেকেই যাত্রীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বিশেষ করে ২৪ মে রাত, ২৫ মে পুরো দিন এবং ২৬ মে সকালের যাত্রার টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। সরকারি ছুটি ২৫ মে থেকে শুরু হওয়ায় এই সময়গুলোতে চাপ বেশি পড়ছে।
শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী গণমাধ্যমকে জানান, তাদের প্রতিষ্ঠানে সকাল থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকিট দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সকাল ১০টার মধ্যেই জনপ্রিয় রুটগুলোর বেশিরভাগ অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।
এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। বিআরটিএ নির্ধারিত ভাড়াই অনলাইন ও কাউন্টার—সব জায়গায় কার্যকর থাকবে। যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি কাউন্টারে অনুমোদিত ভাড়ার তালিকা প্রদর্শন করাও বাধ্যতামূলক করা হবে।
দেশইনসাইডার/আইএমআর
