মার্কিন ধনকুবের ইলন মাস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে বিশেষ সরকার কর্মচারী হিসেবে যে ব্যয় সংকোচন নীতির দায়িত্ব পালন করছিলেন, তা আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মাস্ককে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা সেমাফোর জানিয়েছে, ইলন মাস্কের সরকারি দায়িত্ব পালনের মেয়াদ বুধবার রাতেই শেষ হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে মাস্ক বলেন, “সরকারের বিশেষ কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের সময়সীমা শেষ। এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই, কারণ তিনি আমাকে ব্যয় সংকোচন নীতির নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, এই ব্যয় সংকোচন সংস্থাটি সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হয়ে সরকারের সর্বত্র একটি কার্যকর অংশ হয়ে উঠবে।”
মাস্ককে ‘বিশেষ সরকার কর্মচারী’ হিসেবে নিয়োগের আওতায় বছরে সর্বোচ্চ ১৩০ দিন সরকারি দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছিল। ২০ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে হিসাব শুরু হওয়ায় মে মাসেই মাস্কের দায়িত্বপালনের সীমা পূর্ণ হয়ে গেছে।
ট্রাম্প প্রশাসনের ব্যয় সংকোচন উদ্যোগের অংশ হিসেবে মাস্ককে সরকারি প্রকল্প ও দপ্তরগুলোতে খরচ কমানোর সুপারিশ ও পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়। মাস্কের পদত্যাগের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের এই পরীক্ষামূলক মডেলের প্রথম ধাপ শেষ হলো। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই মডেল কতটা প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং এর নেতৃত্বে কে আসেন।
