মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল যাতে এমন কোনো পদক্ষেপ না নেয় যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পারমাণবিক চুক্তি আলোচনা বিঘ্নিত করতে পারে, সে বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন।

বৃহস্পতিবার (২৯ মে) চীনা বার্তাসংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প ইরানে হামলার বিষয়ে নেতানিয়াহুকে সরাসরি সতর্ক করেছেন। সংবাদমাধ্যম দ্য হিল-এর প্রতিবেদনে বলা হয়, এই বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “সত্যি বলছি, হ্যাঁ আমি বলেছি।”
ট্রাম্প আরও বলেন, “আমি শুধু বলেছি এটা উপযুক্ত সময় নয়। আমরা ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আমি মনে করি না, এখন কোনো ধরনের হামলা বা সামরিক পদক্ষেপ গ্রহণের উপযুক্ত সময়।”
তিনি আরও বলেন, “পরিস্থিতি মুহূর্তেই বদলে যেতে পারে— এমনকি একটি ফোন কলেও।”
ট্রাম্পের বক্তব্য থেকে বোঝা যায়, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি খুব কাছাকাছি। তিনি বলেন, “আমি মনে করি তারা (ইরান) এখন একটি চুক্তি করতে চায়। যদি সেটি করতে পারি, তাহলে অনেক জীবন রক্ষা পাবে।”
সম্প্রতি রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফার পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে তা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি বলে জানান মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাইদি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র চায় ইরান সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করুক। অন্যদিকে তেহরান এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। চলমান এ টানাপড়েনের মধ্যেই ট্রাম্পের নেতানিয়াহুকে সরাসরি সতর্কবার্তা বৈশ্বিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
