লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত সীমান্তে স্থাপন করা খুঁটি সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার কলসিরমুখ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) সদস্যরা।
স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, বিএসএফের একটি দল আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যরেখার কাছে খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। এ সময় স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবির কলসিরমুখ বিওপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানায়।
পরে বিজিবি সদস্যরা বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে স্থাপন করা খুঁটি সরিয়ে নিতে চাপ প্রয়োগ করে। একপর্যায়ে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এবং স্থাপিত খুঁটি অপসারণ করে সেখান থেকে সরে যায়।
রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ খুঁটি স্থাপনের চেষ্টা করেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি ঘটনাস্থলে গিয়ে কড়া প্রতিবাদ জানায়। পরে বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করে খুঁটি সরিয়ে নেয়।
