বাংলাদেশে আর কেউ এককভাবে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৫ মে) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, ‘এখন জনগণের অধিকারই হবে মূল ভিত্তি। রাষ্ট্রের চেয়ে জনগণ বেশি ক্ষমতাশালী হবে, এটাই আমাদের লক্ষ্য। এজন্য নতুন বাংলাদেশ গড়তে চট্টলাবাসীর সহযোগিতা প্রয়োজন।‘
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের গণআন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগে আমরা একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় পৌঁছেছি। এই বাংলাদেশে প্রশ্ন তোলার সুযোগ আছে, মত প্রকাশের অধিকার আছে—এখন প্রয়োজন জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা।’
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে প্রতিটি সংস্থা (পুলিশ, দুর্নীতি দমন কমিশন, সচিবালয় ) সবই কাজ করবে জনগণের স্বার্থে। এনসিপির এ যাত্রা সহজ নয়, তবে জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।‘
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক, সংগঠক আরমান হোসাইন ও আজিজুর রহমান রিজভী।
