চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানা থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জন্য তৈরি করা ২০ হাজার ৩০০ ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। অভিযানে কারখানার মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।

ঘটনাটি ১৭ মে রাতের, তবে বিষয়টি প্রকাশ্যে আসে রোববার (১৯ মে)। যদিও এখন পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে সংস্থাটির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক তিনজন হলেন—কারখানার মালিক সাহেদুল ইসলাম এবং অর্ডারদাতা গোলাম আজম ও নিয়াজ হায়দার। পুলিশের দাবি, এই তিনজন মিলে কেএনএফ-এর হয়ে পোশাক প্রস্তুত করছিলেন।
এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বিপুল পরিমাণ ইউনিফর্ম জব্দ করেছি। তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”
অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, “এমন কোনো ঘটনার সত্যতা আমাদের কাছে নেই, এটি ভিত্তিহীন খবর।”
তবে পুলিশ সূত্র জানায়, এই ঘটনায় ১৮ মে বায়েজিদ বোস্তামী থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার বাদী নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা এসআভ ইকবাল হোসেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত মার্চ মাসে গোলাম আজম ও নিয়াজ হায়দার মংহলাসিন মারমা ওরফে মং-এর কাছ থেকে প্রায় দুই কোটি টাকার চুক্তিতে পোশাক তৈরির দায়িত্ব নেন। মংহলাসিন কেএনএফ-এর সদস্যদের পক্ষে কাপড় সরবরাহ করেন এবং মে মাসেই ওই পোশাক হস্তান্তরের কথা ছিল।
সূত্র: সমকাল
