ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে একটি হাসপাতালের ওপর ইসরায়েলের হামলার অভিযোগ উঠেছে। এতে হাসপাতালটির একটি অংশের ছাদ ধসে পড়েছে এবং কয়েকজন রোগী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে ইরান।
তেহরানে আয়োজিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফারাবি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার ভাষায়, “হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন ও যুদ্ধাপরাধ। ইতিহাস একদিন বিচার করবে, আর এই অপরাধের পৃষ্ঠপোষকদের জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী লজ্জা।”
হামলার বিষয়ে ইরানের সরকারি সংবাদ সংস্থা ফারস ও আধাসরকারি সংস্থা তাসনিম থেকে প্রকাশিত একাধিক ভিডিও যাচাই করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সেখানে দেখা গেছে, হাসপাতালটির একটি অংশের ছাদ ধসে গেছে এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাসনিম জানিয়েছে, ফারাবি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়া ছাদ ও কাচের আঘাতে আইসিইউতে ভর্তি থাকা কয়েকজন রোগী আহত হয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সিএনএনকে দেওয়া এক বক্তব্যে তারা জানায়, ইরানে কোনো হাসপাতালের ওপর হামলার বিষয়ে তারা অবগত নয়।
সূত্র: সিএনএন, আল-জাজিরা, তাসনিম, ফারস
