মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে ভবিষ্যতে সরাসরি বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং পারমাণবিক অস্ত্র ইস্যুতেও আশাব্যঞ্জক বার্তা পাওয়া গেছে।
বুধবার (৩ জুন) পড ফোর্স ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনার অগ্রগতিতে মোজতবা খামেনির ভূমিকা রয়েছে এবং ইরানের রাজনৈতিক কাঠামোয় তিনি গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন।
খামেনির সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, পরিস্থিতি যেভাবে এগোবে, তার ওপর অনেক কিছু নির্ভর করছে। তবে ভবিষ্যতের কোনো এক সময়ে তাদের মধ্যে সাক্ষাৎ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্প দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মতি দিয়েছে। তিনি বলেন, আলোচনার ক্ষেত্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি। যদিও ভবিষ্যতে ইরানের অবস্থান পরিবর্তন হতে পারে, তবে বর্তমানে দেশটি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। পরে সংঘাত সাময়িকভাবে স্থগিত হয়। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ট্রাম্পের ভাষায়, ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে এবং সামনের দিনগুলোতে ইতিবাচক ফলাফল আসতে পারে। তিনি বলেন, “খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে। আমরা বেশ কিছু আশাব্যঞ্জক অগ্রগতির দিকে এগোচ্ছি।”
সূত্র: আনাদোলু এজেন্সি
