মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত অবস্থান নেওয়া একটি রাজনৈতিক দল বর্তমানে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। প্রয়োজন হলে রাজপথে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই দেশকে রাজাকারমুক্ত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৩ জুন) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়ায় অবস্থিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর পরিদর্শন শেষে চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ১৭১ এর মহান মুক্তিযুদ্ধের একক কৃতিত্ব নিয়েছে একটি দল তেমনি ২৪ এর গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিতে চেয়েছে আরেকটি দল। ৭১ এর মুক্তিযুদ্ধের একক কৃতিত্ব নিতে যাওয়া দলটি দীর্ঘদিন ক্ষমতায় থেকে অন্যায়ভাবে মুক্তিযোদ্ধাদের একটি তালিকা করেছে। এ তালিকা প্রশ্নবিদ্ধ।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনের কৃতিত্ব নিতে আগ্রহী দলটি স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধের মতো স্পর্শকাতর জাতীয় বিষয়গুলোতে বিতর্কিত ভূমিকা পালন করেছে। এসব কর্মকাণ্ড দেশের জন্য অশুভ বলে উল্লেখ করেন তিনি।
