ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। তিনি দাবি করেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে ‘মব সৃষ্টি ও সংঘাত উসকে দেওয়ার উদ্দেশ্যে’ গিয়েছিলেন।
শুক্রবার (২২ মে) বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে নাসির উদ্দীন নাসির এ মন্তব্য করেন। একইসঙ্গে তিনি ঘটনাস্থলে অস্ত্র প্রদর্শনকারী দুই ব্যক্তিকে ‘শিবির নেতা’ আখ্যা দিয়ে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ফেসবুক পোস্টে ছাত্রদল নেতা বলেন, ঝিনাইদহে তিনি মব সৃষ্টির উদ্দেশ্যেই গিয়েছিলেন। কিন্তু সেখানে স্থানীয় সাধারণ জনতা ক্ষুব্ধ হয়ে তার ওপর ডিম নিক্ষেপ করে। এই ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা ‘সন্ত্রাসীরা’ সাধারণ জনতাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা চালায়।’

স্ট্যাটাসে অস্ত্রধারী দুই ব্যক্তির পরিচয়ও তুলে ধরেন ছাত্রদল সম্পাদক। তিনি দাবি করেন, পাঞ্জাবি পরা ব্যক্তি সিয়াম উদ্দিন তুর্য, যার বাবা স্থানীয় জামায়াত নেতা সল্টু মাস্টার। তাদের বাড়ি ঝিনাইদহ শহরের মাস্টারপাড়া, কোর্টপাড়া এলাকায়। এছাড়া টি-শার্ট পরা ব্যক্তির নাম আশিক, তার বাড়ি কাষ্টসাগরা গ্রামে এবং তিনি শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করা হয়।
স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নাসির উদ্দীন নাসির বলেন, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় জড়িত ওই দুই ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তিনি অভিযোগ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হকিস্টিক ও অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
