সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন। সেখানে তিনি জানান, প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আগের মতোই থাকে এবং এর উন্নতি না ঘটে।
সাক্ষাৎকারে তিনি ভারত থেকে বাংলাদেশে কথিত ‘পুশ-ব্যাক’ প্রসঙ্গও তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কখনো কখনো লোকজনকে ১০ থেকে ৪০ দিন পর্যন্ত আটকে রাখে এবং পরে সুযোগ বুঝে সীমান্ত দিয়ে পাঠিয়ে দেয়। তিনি দাবি করেন, সাধারণত রাতের বেলায়, যখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি উপস্থিত থাকে না, তখন এসব ঘটনা ঘটে।
তবে সাক্ষাৎকারে তিনি পুরনো নাম ‘বিডিআর’ ব্যবহার করেন, যা বর্তমানে বিজিবি নামে পরিচিত।
হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, দুই দেশের সম্পর্ক ভালো থাকলে সীমান্তে নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হয়, যা তার মতে আসামের জন্য ঝুঁকির কারণ হতে পারে। অন্যদিকে, সম্পর্ক খারাপ থাকলে সীমান্তে কড়াকড়ি বাড়ে এবং অনুপ্রবেশ কমে যায় বলে তিনি মনে করেন।
সাক্ষাৎকারের এক পর্যায়ে সঞ্চালক মেঘা প্রসাদ মন্তব্য করেন, এ ধরনের বক্তব্য ‘ভারতবিরোধী’ হিসেবে দেখা যেতে পারে। এর জবাবে মুখ্যমন্ত্রী বলেন, তিনি শুধু নিজের ব্যক্তিগত মতামতই প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল প্রচারিত এই সাক্ষাৎকারের কিছু অংশ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
