বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করেছে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (১৩ জুলাই) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৩ জুলাই ২০২৬ থেকে বিদ্যালয়টি সরকারি হিসেবে গণ্য হবে। একই সঙ্গে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।
এর আগে গত ২৮ জুন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অনেকেই নিয়মিত বেতন পরিশোধ করতে না পারায় শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে আর্থিক সংকটে পড়েছিল প্রতিষ্ঠানটি।
এ পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন ছুটির দিনগুলোতে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করতেন। ওই আয় থেকে তিনি শিক্ষক-কর্মচারীদের বেতনের একটি বড় অংশ পরিশোধ করতেন।
সম্প্রতি তার এই ব্যতিক্রমী উদ্যোগ দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে এবং দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা কার্যক্রম চালিয়ে রাখতে তার সংগ্রাম ব্যাপক প্রশংসা পায়। পরে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি শিক্ষামন্ত্রীকে বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নিতে নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় সরকার বিদ্যালয়টিকে সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
