প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ। একই সঙ্গে তিনি সরকারের ভেতরে বিদেশি গুপ্তচর থাকার অভিযোগ তুলে তাদের শনাক্ত করার আহ্বান জানান।
বুধবার (৮ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলের আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর প্রথম দায়িত্ব হওয়া উচিত সরকারের বিভিন্ন পর্যায়ে থাকা বিদেশি গুপ্তচরদের চিহ্নিত করা। তার দাবি, এসব ব্যক্তির কারণে সরকার ও দেশ উভয়ই ক্ষতির মুখে পড়ছে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সদস্য হিসেবে সংস্কার কার্যক্রমে প্রধানমন্ত্রীর আরও সক্রিয় ভূমিকা রাখা উচিত।
সরকার পরিচালনার বিষয়ে সতর্ক করে এলডিপি চেয়ারম্যান বলেন, চারপাশে শত্রু রেখে কার্যকরভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়। তার ভাষ্য, প্রকাশ্য বিরোধীরা নয়, বরং প্রধানমন্ত্রীর আশপাশে থাকা কিছু ব্যক্তিই প্রকৃত ক্ষতির কারণ হতে পারেন।
অলি আহমেদের অভিযোগ, সরকার ও ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ পদে বিদেশি গুপ্তচররা অবস্থান করছে এবং তারা যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বিভিন্ন এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটছে, অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে এবং নতুন বিনিয়োগও আসছে না। এসব কারণে প্রধানমন্ত্রী বর্তমানে কঠিন পরিস্থিতির মুখোমুখি রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ১১ দল সরকার বা প্রধানমন্ত্রীর শত্রু নয়, বরং বন্ধু হিসেবেই প্রকাশ্যে এসব পরামর্শ দিচ্ছে, যাতে তিনি ইতিহাসে একজন সফল নেতা হিসেবে স্মরণীয় হয়ে থাকেন।
