বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, বিএনপি সুপরিকল্পিতভাবে ‘জুলাই বিপ্লবের চেতনাকে’ মূলধারার রাজনীতি থেকে সরিয়ে দিতে চাচ্ছে।
বুধবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, ছোট শিশুদের খেলায় অংশগ্রহণ করানোর জন্য অনেক সময় ‘দুধভাত’ হিসেবে রাখা হয়। তিনি এই উদাহরণ টেনে বলেন, বিএনপিও জুলাই বিপ্লবের চেতনাকে একইভাবে গুরুত্বহীন করে রাখার একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে। তার ভাষ্য, দলটি আবেগ প্রকাশ করলেও বাস্তবে এই চেতনাকে প্রতিষ্ঠার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না; বরং এটিকে ধীরে ধীরে নিঃশেষ করার চেষ্টা চলছে।
তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি নিজেদের অবস্থান সংশোধন না করে, তাহলে তাদের সঙ্গে চূড়ান্ত রাজনৈতিক লড়াই অনিবার্য হয়ে উঠবে।
তিনি আরও বলেন, অতীতে বিএনপির ওপর নির্ভর করে বারবার ক্ষতির মুখে পড়ার অভিজ্ঞতা থেকে এবার তারা বিকল্প রাজনৈতিক পথ খুঁজছেন। বিএনপি ব্যর্থ হলে এই ঐক্য বৃহৎ গণআন্দোলনে রূপ নিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি দ্রুত ‘জুলাই জাদুঘর’ উন্মুক্ত করার দাবি জানান এবং এ বিষয়ে বিলম্ব হলে বড় ধরনের প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন।
বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা যেমন ‘উন্নয়নের গণতন্ত্র’ (পদ্মা সেতু বা মেট্রোরেল) দিয়ে মানুষের অধিকার খর্ব করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী যদি ‘ফ্যামিলি কার্ড’ বা ‘কৃষি কার্ডের’ গণতন্ত্র দিয়ে মানুষকে বুঝ দিতে চান, তবে তাদের আচরণও শেখ হাসিনার বিরুদ্ধে করা আচরণের মতোই কঠোর হবে।
দেশইনসাইডার/আইএমআর
