কুমিল্লা নগরীতে এক ভিক্ষুককে কুপিয়ে তার কাছ থেকে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত এক কিশোর গ্যাং নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
রোববার (৩১ মে) সন্ধ্যায় নগরীর অশোকতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, একদল কিশোর ওই ভিক্ষুকের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে এবং সারাদিনে ভিক্ষা করে পাওয়া ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের দেওয়া তথ্য বিশ্লেষণ করে ‘টোকাই সামির’ নামে পরিচিত এক কিশোরকে শনাক্ত করা হয়, যাকে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে চেনে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে ছিনতাই, সন্ত্রাস ও কিশোর গ্যাং কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
