দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, বৃষ্টিপাতের প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনেক এলাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।
বর্তমানে রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টির কারণে এসব এলাকার কিছু স্থানে তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও যশোরে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যেখানে ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে শুক্রবার সকালে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। ভোর ৬টায় রাজধানীর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।
