লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করে তাকে ‘পাগল’ বলেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, এ মন্তব্যের পরও দুই নেতার পারস্পরিক সম্পর্ক ভালো রয়েছে।
বুধবার (৩ জুন) প্রচারিত ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও লেবানন ইস্যুতে উত্তেজনা কমানোর প্রচেষ্টার সময় এক ফোনালাপে নেতানিয়াহুকে ওই মন্তব্য করেছিলেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ফোনালাপে ট্রাম্প যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে নেতানিয়াহুর প্রতি কঠোর ভাষায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি সত্যিই ওই শব্দ ব্যবহার করেছিলেন। তবে সেটি রাগের বশে নয়, বরং লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার বিষয়টি তাকে বিরক্ত করেছিল।
ট্রাম্প আরও বলেন, মতবিরোধ থাকা সত্ত্বেও নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ‘খুবই ভালো’ রয়েছে।
অন্যদিকে, নেতানিয়াহুও মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই নেতার সম্পর্কের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, তাদের লক্ষ্য একই এবং বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও তা সম্পর্কের অবনতির ইঙ্গিত নয়।
এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির উদ্যোগ অব্যাহত রাখলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা চলছেই। একই সময়ে ইরান জানিয়েছে, লেবাননকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় না আনা পর্যন্ত তারা কোনো ধরনের সমঝোতায় সম্মত হবে না।
