ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রটোকল দলের সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুর রহিম ভূঁইয়ার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।
এর আগে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর গাড়িবহর স্থান ত্যাগের সময় নিরাপত্তা ও প্রটোকল দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং পিজিআর সদস্যদের সঙ্গে আব্দুর রহিমসহ কয়েকজন নেতা-কর্মীর বাকবিতণ্ডার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের গাড়ি চলে যাওয়ার সময় পাঞ্জাবি পরিহিত ছাত্রদল নেতা আব্দুর রহিমসহ কয়েকজন কর্মী ক্ষিপ্ত হয়ে নিরাপত্তা সদস্যদের দিকে তেড়ে যাচ্ছেন এবং গালিগালাজ করছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রহিম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তিনি কোনো ধরনের গালিগালাজ বা অসদাচরণ করেননি। বরং নিরাপত্তা দলের সদস্যদের ধাক্কায় তিনি পড়ে গিয়ে আহত হয়েছেন বলে দাবি করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় ছাত্রদল।

