রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে শুধু সরকার বা সিটি করপোরেশনের ওপর নির্ভর না করে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নত ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে হলে প্রত্যেক মানুষকে নিজেদের আচরণে পরিবর্তন আনতে হবে।
শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর খিলগাঁও ও জুরাইন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বিদেশের পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখে মুগ্ধ হন। কিন্তু সেসব দেশের পরিবেশ সুন্দর রাখার পেছনে শুধু পরিচ্ছন্নতাকর্মীদের শ্রম নয়, সাধারণ মানুষের সচেতনতাও বড় ভূমিকা রাখে। তিনি বলেন, যেখানে–সেখানে ময়লা না ফেলা এবং নিজের আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, এ দায়িত্ব পালনের জন্য কোনো সরকারি পদে থাকা প্রয়োজন নেই। সাধারণ নাগরিক হিসেবেই সবাই নিজ নিজ অবস্থান থেকে শহর পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখতে পারেন।
দৈনন্দিন জীবনের উদাহরণ তুলে ধরে তারেক রহমান বলেন, বাইরে কোনো খাবার খেলে তার উচ্ছিষ্ট বা টিস্যু রাস্তায় না ফেলে নির্দিষ্ট স্থানে রাখা উচিত। বাদামের খোসাসহ যেকোনো ধরনের বর্জ্য এমনভাবে ফেলতে হবে যাতে পরিবেশ নোংরা না হয়।
প্রধানমন্ত্রী বলেন, একটি পরিষ্কার শার্টে দাগ লাগলে যেমন খারাপ লাগে, তেমনি নিজের বসবাসের এলাকা নোংরা থাকলেও অস্বস্তি বোধ করা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে আরও সুন্দর ও গোছালো করে গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন রাজধানী উচ্চবিদ্যালয় মাঠ থেকে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
দিনব্যাপী রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, খিলগাঁও, জুরাইন ও ধানমন্ডিসহ বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও পৃথক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।
