ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ড্রিম প্রজেক্ট ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করে আমলারা অন্যায় করেছেন।
রোববার (১৭ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘চাষাভূষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতার পর থেকে দেশের হাওড়াঞ্চল নিয়ে কোনো দীর্ঘমেয়াদি ও বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণ করা হয়নি। মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা ও লিজ প্রথার মাধ্যমে হাওড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, হাওড় অঞ্চলের ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির তুলনায় তিন গুণ বেশি দেখানো হয়েছে এবং সেখানে ভুয়া নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
হাওড় অঞ্চলের প্রকৃত সমস্যা চিহ্নিত করতে এবং কার্যকর সমাধান নির্ধারণে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানান ব্যারিস্টার কায়সার কামাল।
সেমিনারে উপস্থিত বক্তারাও হাওড় এলাকার কৃষক ও চাষিদের দুর্দশা, অবহেলা এবং দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন।
