চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব ও সুধী সমাবেশে তিনি দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে সহযোগী সদস্য ফরম পূরণ করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে সম্পৃক্ত হন।
মো. জসিমউদ্দীন ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ ওসমানী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুর রশীদ পাটওয়ারী, পৌর জামায়াতের আমীর মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান, সেক্রেটারি দেওয়ান কবির হোসেন, পেশাজীবী বিভাগের সভাপতি রেদওয়ান আহমেদ জাকির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফ পাটওয়ারী।
বক্তারা বলেন, আদর্শিক ও মানবিক সমাজ গঠনে সব শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, বীর মুক্তিযোদ্ধা জসিমউদ্দীনের যোগদান স্থানীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিজ বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান বলেন, কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি দাবি করেন, অতীতে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং অন্যায়ের সঙ্গেও জড়িত ছিলেন না। ভবিষ্যতেও ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করতে চান বলে জানান তিনি।
