ভারতের তামিলনাড়ু রাজ্যে উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এই নির্দেশ দিয়েছেন বলে মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সরকারি মালিকানাধীন টাসম্যাকের আওতাধীন এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে থাকা মোট ৪ হাজার ৭৬৫টি টাসম্যাক দোকানের ওপর একটি সমীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, ৭১৭টি দোকান সংবেদনশীল এলাকাগুলোর খুব কাছাকাছি অবস্থিত। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের পাশে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে।
জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই পদক্ষেপ বাস্তবায়িত হলে রাজ্যের মোট টাসম্যাক দোকানের প্রায় ১৫ শতাংশ বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, তামিলনাড়ুতে খুচরা মদ বিক্রির ওপর টাসম্যাকের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে, যা রাজ্য সরকারের একটি বড় আয়ের উৎস।
দেশইনসাইডার/আইএমআর
