ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফারহান তানভীর নাছিফ ও মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই শাহ আলম।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মনমথ হালদার এর আগে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২ মে ভোরে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ১০ থেকে ১২ জনের একটি দল সেখানে ব্যানার প্রদর্শন ও স্লোগান দেয়। পরে তারা দ্রুত একটি কালো হায়েস মাইক্রোবাসে করে স্থান ত্যাগের চেষ্টা করে।
এ সময় ঘটনাস্থল থেকে ফারহান তানভীর নাছিফ এবং মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে আটক করা হয়। পরে প্রক্টরিয়াল টিম তাদের পুলিশে সোপর্দ করে।
ঘটনার দিনই শাহবাগ থানার এসআই মো. মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান।
মামলার এজাহারে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী সরকার কর্তৃক আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ‘কালো আইন’ বাতিলের দাবিতে উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ আটক করা হয়।
ফারহান তানভীর নাছিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হল শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
