বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন মন্তব্য করেছেন, শিবির আবারও ‘গুপ্ত’ রাজনীতিতে ফিরে যেতে চায়। তার দাবি, সাধারণ শিক্ষার্থী পরিচয়ে আড়ালে থাকার মধ্যে সংগঠনটির জন্য বিশেষ সুবিধা রয়েছে।
রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।
রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। জোরপূর্বক মিছিল-মিটিংয়ে শিক্ষার্থীদের নেওয়া কিংবা গণরুম-গেস্টরুম নির্যাতনের মতো ঘটনা এখন আর নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় শিবির ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল। তার ভাষায়, সংগঠনটি ধারণা করেছিল আওয়ামী লীগের পতনের পরও তারা হয়তো প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পাবে না।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শিবিরের অনেকে প্রকাশ্যে এলেও তাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। তবে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে আড়ালে থাকার সুবিধা বিশ্লেষণ করেই সংগঠনটি আবারও ‘গুপ্ত’ হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
রাজধানীর ইডেন কলেজের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে হওয়া আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী নেকাব বা মাস্ক পরে ছিলেন। এ প্রসঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় ইডেন কলেজের শিক্ষার্থীদের ভূমিকার সঙ্গে তুলনা করেন।
পোস্টে তিনি ইডেন কলেজের সামনে সন্ধ্যার পর রাস্তার পাশে বসা কাপলদের প্রসঙ্গও তোলেন। এটিকে “অপসংস্কৃতি” উল্লেখ করে তা বন্ধে আন্দোলনের আহ্বান জানান তিনি।
সবশেষে রাশেদ খাঁন বলেন, “ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, অপসংস্কৃতি নিষিদ্ধ হোক।”
