কারো রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী অবস্থান দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে থেমে গেলে চলবে না বলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে অপরাধী, তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে। আপনারা আইনের লোক, কোনো বিশেষ দলের নন। কারো রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালী পরিচয় দেখে থমকে যাবেন না। যে অপরাধী, তাকে অপরাধী হিসেবেই গণ্য করবেন।
সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা যেকোনো মূল্যে নিশ্চিত করতে হবে। একইসঙ্গে একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, নিরপরাধ মানুষ যেন কোনোভাবেই হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
পুলিশ বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ক্ষমতা বা পদ-পদবি স্থায়ী নয়। তাই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে।
