বরিশালে আকস্মিকভাবে একাধিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দায়িত্বে অনুপস্থিত থাকার অভিযোগে বরিশাল জেনারেল হাসপাতালের এক টিকিট কালেক্টরকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে।
সোমবার (১১ মে) সকালে বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী টেকনিশিয়ান কাম টিকিট কালেক্টর জসীম মাতুব্বরকে কর্মস্থলে না পেয়ে এ সিদ্ধান্ত নেন। পরে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মলয় কৃষ্ণ বড়াল।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তিনি বলেন, দায়িত্বে অনুপস্থিত থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মচারী মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আউটডোরে চিকিৎসকদের দেরিতে আসার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া হাসপাতাল এলাকায় দালাল চক্র সক্রিয় রয়েছে, যারা রোগীদের বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। এসব দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা পরিস্থিতিও সন্তোষজনক নয়। বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন বাথরুম দেখতে পেয়েছেন তিনি। রোগীদের ভোগান্তি কমাতে আউটডোরে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, শুরুতে দেশে হাম প্রতিরোধী টিকার সংকট ছিল, ফলে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়েছে। বর্তমানে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে বলে জানান তিনি।
পরিদর্শনের ধারাবাহিকতায় পরে মন্ত্রী নগরীর আমানতগঞ্জ শিশু হাসপাতাল এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালও ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
