চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১১ মে) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর ও দোহাজারী পৌরসভার মাঝামাঝি পাঠানিপুল এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১০ থেকে ১২ জন ব্যক্তি ব্যানার হাতে মহাসড়কে মিছিল করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ব্যানারে দেশব্যাপী লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের প্রতিবাদ জানানো হয়। সেখানে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নামের পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কে এম পারভেজ উদ্দিনের ছবিও ছিল।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ হৃদয় ও আরিফ নামে দুজনকে শনাক্ত করা গেলেও অন্যদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশ দেখেছে। তিনি জানান, মিছিলের সুনির্দিষ্ট স্থান শনাক্ত এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।
