ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। বৈঠকে তিনি সামরিক প্রস্তুতি জোরদার এবং সম্ভাব্য শত্রু মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে নতুন নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ।
রোববার (১০ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৈঠকে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি অংশ নেন। তিনি ইরানের সামরিক বাহিনীর বর্তমান প্রস্তুতি ও সক্ষমতা সম্পর্কে মুজতবা খামেনিকে অবহিত করেন। তবে বৈঠকটি ঠিক কবে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আল আরাবিয়ার বরাতে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, বৈঠকে সামরিক অভিযান পরিচালনা ও শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন ইরানের শীর্ষ নেতা।
বৈঠক শেষে আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র ও “জায়নিস্ট শত্রু” ইসরাইলের যেকোনো পদক্ষেপ মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে ইরানের প্রতিক্রিয়া হবে “দ্রুত, কঠোর ও চূড়ান্ত”।
