‘মব কালচার’ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যথেষ্ট কার্যকর নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের বিষয়টি সরকার বিবেচনা করছে।
রোববার (১০ মে) রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মব-সংক্রান্ত ঘটনায় বর্তমানে প্রচলিত আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে এ বিষয়ে আইনি সংস্কার আনা হতে পারে। তিনি জানান, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে বিষয়টি পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্যও অনুরোধ করেছেন।
তার ভাষায়, “মব কালচার আলাদাভাবে মোকাবিলার জন্য নতুন আইন বা আইনের সংশোধন প্রয়োজন হতে পারে। বর্তমান আইন দিয়ে পুরো বিষয়টি কার্যকরভাবে সামাল দেওয়া যাচ্ছে না।”
পুলিশ সদস্যদের কল্যাণ নিয়েও বক্তব্য দেন তিনি। অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান মন্ত্রী। এ ক্ষেত্রে পুলিশ পরিদর্শক থেকে কনস্টেবল পর্যন্ত সদস্যরা সুবিধার আওতায় আসতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি।
এ সময় তিনি দাবি করেন, গত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। একই সঙ্গে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে।
