আবারও ভেঙে গেল ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এবং সেদিনই আবু ত্বহা আদনান তাকে তালাক দেন।
তথ্য অনুযায়ী, গত বছরের ২ ডিসেম্বর তারা দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। তবে নতুন করে শুরু হওয়া সেই সংসারও বেশিদিন স্থায়ী হয়নি।
এর আগে পারিবারিক সমস্যার কারণে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটে। পরে দুই পরিবারের উদ্যোগে আবারও তারা একত্রিত হয়ে নতুন করে সংসার শুরু করেন। কিন্তু দ্বিতীয় দফার সেই সম্পর্কও শেষ পর্যন্ত টেকেনি।
রংপুরের এই তরুণ বক্তা ২০১৭ সালে ইউটিউবে বক্তব্য দেওয়া শুরু করে দ্রুত পরিচিতি লাভ করেন। ২০২৩ সালের জুনে ঢাকায় যাওয়ার পথে তিন সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি ব্যাপক আলোচনায় আসেন। আট দিন পর তিনি রংপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এটি কোনো অপরাধজনিত ঘটনা ছিল না, বরং তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন।
দেশইনসাইডার/আইএমআর
