বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দীন বলেছেন, বিএনপি ঝুঁকি নিতে চায় না। অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে আনন্দ পায়। তারা যদি ৫ মে রিস্ক নিতো, তাহলে এতো দীর্ঘদিন তারাও জেল-জুলুমের শিকার হতো না, আমরাও হতাম না।
শুক্রবার দুপুরে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শহীদনামা’ গ্রন্থের মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জালাল উদ্দীন বলেন, সেদিন বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তবে সেই আহ্বানে যথাযথ সাড়া না পাওয়ায় একটি বড় সুযোগ হাতছাড়া হয়। তিনি মনে করেন, যদি বিএনপি তখন সরাসরি অংশ নিত, তাহলে দেশ অনেক আগেই স্বৈরশাসন থেকে মুক্ত হতে পারত।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, তার ভিত্তি তৈরি হয়েছিল ২০১৩ সালের শাপলা চত্বরে আলেম-ওলামা ও ছাত্রদের আন্দোলনের মাধ্যমে।
এ সময় তিনি দাবি জানান, শাপলা চত্বরের ঘটনাকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হোক। পাশাপাশি ওই ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দেশইনসাইডার/আইএমআর
