নিরাপত্তা ও প্রটোকলের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ব্যতিক্রমী একটি নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সন্ধ্যায় তিনি নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান, যা অনেককেই বিস্মিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদিন সচিবালয়ে দাপ্তরিক কাজ শেষ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার।
তবে এই সফরের বিশেষ দিক ছিল—তিনি নিজেই সরকারি গাড়ি চালান। সাধারণত রাষ্ট্রপ্রধানদের জন্য নির্ধারিত নিরাপত্তা ও প্রটোকল থাকলেও, সেগুলো এড়িয়ে তিনি নিজেই স্টিয়ারিং ধরেন। এ সময় তার পাশে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতা ছাড়াই স্বাভাবিকভাবে শহরের যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছান তিনি।
বিশ্লেষকদের মতে, আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানদের এমন সরল ও স্বাভাবিক আচরণ জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং নেতৃত্ব ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে সহায়ক হয়। যদিও এর আগে বিভিন্ন অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে অংশ নিয়েছেন তিনি, তবে নিজে গাড়ি চালিয়ে যাওয়ার ঘটনা বেশ ব্যতিক্রমী হিসেবেই দেখা হচ্ছে।
দেশইনসাইডার/আইএমআর
