নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত বক্তব্য দিয়েছেন মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি জানান, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে দূরে থাকার উদ্দেশ্যেই তিনি দ্বিতীয় বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, অনেকেই বিবাহিত থাকা সত্ত্বেও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি সে পথে না গিয়ে শরিয়তের বিধান মেনে হালাল পথ বেছে নিয়েছেন।
এদিকে, তার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর মানসিক কষ্ট হচ্ছে—এ বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বিষয়টি তাকে গভীরভাবে ব্যথিত করে। তিনি জানান, দীর্ঘ সময় ধরে তিনি স্ত্রীকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তিনি বিষয়টি মেনে নিতে পারেন। তাদের আড়াই বছরের দাম্পত্য জীবনে কোনো সমস্যা ছিল না বলেও উল্লেখ করেন তিনি, তবে বর্তমানে তারা একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।
একাধিক বিয়ের ক্ষেত্রে ইসলামে ন্যায়বিচার বা সমতা বজায় রাখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরেন মাদানী। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন এবং কারও প্রতি অবিচার না হয়।
পোস্টের শেষদিকে তিনি তার দুই পরিবারের জন্য দোয়া চান। একই সঙ্গে আশা প্রকাশ করেন, আল্লাহ তাদের ধৈর্য দান করবেন এবং এই পরিস্থিতি সহজভাবে গ্রহণ করার তাওফিক দেবেন।
দেশইনসাইডার/আইএমআর
