মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিরোধী দল যদি সরকার পতনের হুমকি দেয়, তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “আপনারা যদি আমাদের পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকেই আপনাদের পতন ঘটানো হবে, ইনশাআল্লাহ।”
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।
তিনি দাবি করেন, বর্তমান সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। তার ভাষ্য অনুযায়ী, এটি ২০০৮, ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচন নয়; বরং জনগণের ম্যান্ডেট নিয়েই তারা সংসদে প্রতিনিধিত্ব করছেন।
ইশরাক হোসেন আরও বলেন, কেউ যদি হুমকি দিয়ে সরকার পতনের চেষ্টা করে, তাহলে দলীয় নেতার নির্দেশে রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তোলা হবে। অতীতের আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, প্রয়োজন হলে আবারও একইভাবে রাজপথে অবস্থান নেওয়া হবে।
এ সময় তিনি বিরোধী দলের সংসদীয় বক্তব্যের প্রশংসা করলেও বাইরে তাদের বক্তব্যকে ‘উসকানিমূলক’ বলে উল্লেখ করেন। তার মতে, এসব বক্তব্যের প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পড়ছে, ফলে ক্যাম্পাসে উত্তেজনা ও ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষ বাড়ছে, যা উদ্বেগজনক।
দেশইনসাইডার/আইএমআর
