সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক আফরোজা সুলতানা সুইটি এ আদেশ দেন।
এর আগে পুলিশ আমিনুরকে আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা, নবাবগঞ্জ থানা-এর উপপরিদর্শক শাহ আলম তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত তার আবেদন মঞ্জুর করে আমিনুরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) রাতে আমিনুর সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তার এই পোস্টকে কেন্দ্র করে এলাকায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়।
এ ঘটনায় মঙ্গলবার আলাউদ্দিন নামে এক ব্যক্তি আমিনুর শাহর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করেন। পরে নবাবগঞ্জের মহিষদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
