জাতীয় বিভিন্ন সংকট, বিশেষ করে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থে বাস্তবসম্মত যেকোনো প্রস্তাব সরকার বিবেচনায় নিতে প্রস্তুত।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
এর আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জ্বালানি সংকটসহ চলমান জাতীয় সমস্যাগুলো সমাধানে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি ‘যৌথ কমিটি’ গঠনের প্রস্তাব দেন। তার প্রস্তাবের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের কল্যাণে সব দলের মধ্যে ঐকমত্য রয়েছে।
তিনি আরও জানান, বিরোধী দলকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে এবং তাদের প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। বাস্তবায়নযোগ্য হলে সেগুলো কার্যকর করারও আশ্বাস দেন তিনি। এ সময় তিনি উল্লেখ করেন, জনগণের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই গঠনমূলক সংলাপের পক্ষে।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদলীয় নেতা জ্বালানি সংকটের মানবিক দিক তুলে ধরেন। তিনি দাবি করেন, তেলের জন্য দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে ইতোমধ্যে কয়েকজন কৃষকের মৃত্যু হয়েছে এবং এতে সাধারণ মানুষের দৈনন্দিন আয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বিশেষজ্ঞদের নিয়ে যৌথ কমিটি গঠনের ওপর জোর দেন তিনি।
অধিবেশনে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদকে সব ধরনের আলোচনার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান সংসদের ভেতরেই খোঁজা উচিত এবং সরকার সেই ধারাকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
