ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। তিনি চলমান আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দেশটির আইন মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট জানান, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ইরান অটল থাকলেও পরিস্থিতি শান্ত রাখতে সব ধরনের যৌক্তিক কূটনৈতিক পথ খোলা রাখা জরুরি। তার মতে, সংঘাতের পরিণতি সব পক্ষের জন্যই ক্ষতিকর।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও স্পষ্ট অবস্থান তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি বলেন, জনগণকে বাস্তব তথ্য জানানো সরকারের দায়িত্ব। ভুল তথ্য বা অবাস্তব প্রতিশ্রুতি জনগণের আস্থা দুর্বল করে এবং সমস্যার সমাধানকে জটিল করে তোলে। তাই সাফল্য ও চ্যালেঞ্জ—দুটিই স্বচ্ছভাবে তুলে ধরা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী কন্টেইনার জাহাজ আটকের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দিলেও, তেহরান জানিয়েছে যে বর্তমানে কোনো আলোচনায় বসার পরিকল্পনা তাদের নেই।
বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের বক্তব্য একদিকে যেমন কঠোর অবস্থান বজায় রাখার বার্তা দেয়, তেমনি অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখার ইঙ্গিত দেয়।
